
আন্তর্জাতিক উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র ও ইরানকে অবিলম্বে সব ধরনের সংঘাত বন্ধ করে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছে চীন ও পাকিস্তান।
শুক্রবার (১৭ জুলাই) চীনের সাংহাইয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয় খবর আল আরাবিয়ার।
বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার মধ্যপ্রাচ্যের ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা সংশ্লিষ্ট সব পক্ষকে অবিলম্বে শত্রুতা বন্ধ করে সংলাপ ও কূটনৈতিক সমাধানের পথে ফিরে আসার আহ্বান জানান।
যৌথ বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে গত কয়েক মাস ধরে চীন ও পাকিস্তান কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে আসছে। জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি প্রাথমিক সমঝোতা হলেও, এক মাসের মধ্যেই হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নতুন করে সংঘর্ষ শুরু হয়।
ওয়াং ই বলেন, “এই সমঝোতা অনেক কঠিন প্রচেষ্টার ফল। শান্তি এখন আমাদের সামনে। শেষ মুহূর্তে এসে তা নষ্ট করা উচিত নয় এবং অর্জিত অগ্রগতিও হারানো যাবে না।”
এদিকে শুক্রবারও যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র বিমানবন্দর, রেলস্টেশন এবং দুটি সেতুসহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।
এর জবাবে ইরান জানায়, তারা কুয়েতে যুক্তরাষ্ট্রের মিত্রদের সামরিক স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা পরিচালনা করেছে।
জুনের সমঝোতার পর সাময়িকভাবে হরমুজ প্রণালি খুলে দেওয়া হলেও, গত সপ্তাহে ইরান ঘোষণা দেয়—যুক্তরাষ্ট্র হামলা বন্ধ না করা পর্যন্ত প্রণালিটি পুনরায় বন্ধ থাকবে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রও ইরানের সমুদ্রবন্দরগুলোর ওপর আবারও অবরোধ আরোপ করেছে। পরিস্থিতি ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং আন্তর্জাতিক মহলে কূটনৈতিক সমাধানের আহ্বান আরও জোরালো হয়েছে।
ইতি/

