
ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন দল শুধু ট্রফি ও স্বর্ণপদকই নয়, পাবে বিশেষভাবে তৈরি চ্যাম্পিয়নশিপ রিং। যুক্তরাষ্ট্রের ক্রীড়া সংস্কৃতির দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই সম্মান এবার যুক্ত হচ্ছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসরে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ফিফা।
আগামী রোববার (১৯ জুলাই) দিবাগত রাতে নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও স্বর্ণপদকের পাশাপাশি তুলে দেওয়া হবে এই বিশেষ স্মারক রিং।
ফিফা জানিয়েছে, বিশ্বকাপ উপলক্ষে ২ হাজার ২৬টি সীমিত সংস্করণের চ্যাম্পিয়নশিপ রিং তৈরি করা হয়েছে। প্রতিটি রিংয়ে থাকবে স্বতন্ত্র সিরিয়াল নম্বর, যা বিশ্বকাপের স্মারক হিসেবে সংরক্ষণযোগ্য। এর মধ্যে ৩০টি রিং চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের জন্য সংরক্ষিত থাকবে। বাকি ১ হাজার ৯৯৬টি রিং ফিফার অফিসিয়াল লাইসেন্সপ্রাপ্ত সংগ্রহযোগ্য পণ্য হিসেবে বিশ্বব্যাপী ফুটবলপ্রেমীদের জন্য বাজারজাত করা হবে।
রিংয়ের এক পাশে থাকবে ফিফা বিশ্বকাপ ট্রফির নকশা, অন্য পাশে থাকবে বিজয়ী দলের পরিচয় অনুযায়ী বিশেষভাবে তৈরি ডিজাইন। প্রতিটি রিং হবে পৃথক সিরিয়াল নম্বরযুক্ত, ব্যবহারকারীর আঙুলের মাপ অনুযায়ী কাস্টমাইজড এবং এর সঙ্গে থাকবে সত্যতা নিশ্চিতকারী (Certificate of Authenticity) সনদ।
ফাইনাল শেষে বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচকে প্রতীকী (অস্থায়ী) চ্যাম্পিয়নশিপ রিং প্রদান করা হবে। পরে চ্যাম্পিয়ন দলের জন্য নির্ধারিত ৩০টি রিং ব্যক্তিগতভাবে কাস্টমাইজ করে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেওয়া হবে। ফিফার ভাষ্য, এই রিং বিশ্বকাপ জয়ের স্মৃতিকে আজীবন বহন করার একটি অনন্য প্রতীক হয়ে থাকবে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ক্রীড়াঙ্গনে সুপার বোল (এনএফএল), এনবিএ, ওয়ার্ল্ড সিরিজ (এমএলবি) এবং স্ট্যানলি কাপ (এনএইচএল) জয়ী দলকে চ্যাম্পিয়নশিপ রিং দেওয়ার দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্যেই এবার প্রথমবারের মতো যুক্ত হলো ফিফা বিশ্বকাপ।
ইতি/

