, |

চট্টগ্রাম - 🌤️ 30° সে. | 💧 আদ্রতা 74%

রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি,

২১ দিনে ২০৯ কোটি ৫০ লাখ ডলার

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের জুলাই মাসের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২০৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে) এর পরিমাণ প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা।

বুধবার (২২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২১ জুলাই) এক দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৫৯ কোটি ৪০ লাখ টাকার সমান।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, গত বছরের জুলাই মাসের প্রথম ২১ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৬৯ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে প্রায় ২৩ দশমিক ৫০ শতাংশ।

অর্থনীতিবিদদের মতে, রেমিট্যান্স প্রবাহের এ ধারাবাহিক ঊর্ধ্বগতি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে সহায়ক হবে। একই সঙ্গে আমদানি ব্যয় নির্বাহ, বৈদেশিক লেনদেনে ভারসাম্য রক্ষা এবং সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতেও এ প্রবৃদ্ধি ইতিবাচক ভূমিকা রাখবে।

সাম্প্রতিক মাসগুলোতে প্রবাসী আয় বৃদ্ধির ধারাবাহিকতা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি এবং প্রবাসীদের অংশগ্রহণ বাড়ায় রেমিট্যান্স প্রবাহে এ উন্নতি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ইতি/

  • সর্বশেষ
  • পঠিত