নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে কাঁচা মরিচের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দিয়েছে সরকার। কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, আগামীকাল থেকেই কাঁচা মরিচ আমদানি শুরু হবে। সরকারের এ পদক্ষেপের ফলে আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যে বাজারে সরবরাহ বাড়বে এবং দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে আশা করা হচ্ছে।
শনিবার (২ আগস্ট) রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান কৃষিমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, খাদ্য প্রতিমন্ত্রী মো. আবদুল বারী এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম।
কৃষিমন্ত্রী বলেন, বাজারে কাঁচা মরিচের মূল্য স্থিতিশীল রাখতে সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। এ লক্ষ্যে কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়ার পাশাপাশি বিদ্যমান আমদানি শুল্কও কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত আমদানি শুরু হলে বাজারে সরবরাহ স্বাভাবিক হবে এবং ভোক্তারা স্বস্তি পাবেন।
বর্তমানে রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৩২০ থেকে ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে। কয়েক দিন আগেও এর দাম ৪০০ টাকা পর্যন্ত পৌঁছায়, যা সাধারণ ভোক্তাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে।
পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। তিনি গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরার আহ্বান জানিয়ে বলেন, এতে বাজারে বিভ্রান্তি কমবে এবং কৃত্রিম সংকট বা মূল্য কারসাজির সুযোগ সীমিত হবে।
এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অত্যাবশ্যকীয় ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও কৃষিপণ্যের বাজার পরিস্থিতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় করণীয় নির্ধারণে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংশ্লিষ্ট মন্ত্রীরা সরেজমিনে শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন করেন।
ইতি/
