, |

চট্টগ্রাম - 🌤️ 30° সে. | 💧 আদ্রতা 76%

হাটহাজারীতে বেপরোয়া গাড়ি থামিয়ে ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের হাটহাজারীতে বেপরোয়া গতিতে প্রাইভেটকার চালিয়ে একাধিক পথচারীকে আহত করার অভিযোগ উঠেছে। পরে স্থানীয়দের ধাওয়ায় গাড়িটি থামানো হলে বিক্ষুব্ধ জনতা সেটিতে ভাঙচুর চালায়। এ ঘটনায় গাড়িতে থাকা এক তরুণীসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের হাটহাজারী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ফটিকছড়ির হারুয়ালছড়ি এলাকা থেকে চট্টমেট্রো-ল-১৮৪৭ নম্বরের একটি লাল রঙের প্রাইভেটকার চট্টগ্রামের দিকে যাচ্ছিল। অভিযোগ রয়েছে, গাড়িটি অতিরিক্ত গতিতে চলার সময় নাজিরহাট, সরকারহাট ও মুনিয়া পুকুরপাড়সহ কয়েকটি এলাকায় পথচারীদের ধাক্কা দেয়। এতে কয়েকজন আহত হন।

পরিস্থিতি দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানান। একই সঙ্গে আহত ও স্থানীয় কয়েকজন গাড়িটিকে থামানোর চেষ্টা করেন। তবে চালক গাড়ি না থামিয়ে দ্রুতগতিতে হাটহাজারীর দিকে এগিয়ে যান।

পরে হাটহাজারী বাজার এলাকায় স্থানীয়রা গাড়িটির গতিরোধ করতে সক্ষম হন। এ সময় বিক্ষুব্ধ লোকজন গাড়িটিতে ভাঙচুর চালান। ঘটনাস্থল থেকে গাড়িতে থাকা এক তরুণ পালিয়ে গেলেও এক তরুণীকে আটক করে পুলিশ। পরে গাড়িটি উদ্ধার করে থানায় নেওয়া হয়।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার কাছ থেকে গাড়িটি উদ্ধার করে। এ ঘটনায় গাড়িতে থাকা এক তরুণী এবং গাড়ি ভাঙচুরের সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, গাড়ি চালানো তরুণ মাদকাসক্ত ছিলেন। তবে ঘটনার প্রকৃত কারণ ও গাড়ি চালানোর সময় তার অবস্থাসহ অন্যান্য বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনার পর চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের ওই এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বর্তমানে ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত