চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির মেশিন ও বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মোহাম্মদ মহিউদ্দিন ওরফে মহিন উদ্দিন (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, ১৩ আগস্ট পাঁচলাইশ থানার আওতাধীন আফমী প্লাজার সামনে একটি চায়ের দোকানের কাছে অভিযান চালিয়ে মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় পাঁচলাইশ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মামলায় গ্রেপ্তারের পর মহিউদ্দিনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম শহীদনগর এলাকার একটি ভাড়া বাসায় জাল টাকা তৈরির সরঞ্জাম ও নোট থাকার তথ্য দেন।
এরপর শনিবার (২২ আগস্ট) দিবাগত রাতে ওই তথ্যের ভিত্তিতে পশ্চিম শহীদনগর তৈয়বীয়া হাউজিং সোসাইটির কালা সালামের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে একটি জাল টাকা তৈরির মেশিন, ১০০ টাকা মূল্যমানের ৪৩টি, ৫০০ টাকা মূল্যমানের ২৪টি এবং ১ হাজার টাকা মূল্যমানের দুটি জাল নোট উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার হওয়া জাল নোটের পরিমাণ ১৮ হাজার ৩০০ টাকা। এ ছাড়া একটি কাঁচের গ্লাসও জব্দ করা হয়েছে।
সিএমপির ডিবি-বন্দর বিভাগের উপপুলিশ কমিশনার কাজী মো. আবদুর রহীম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রিমান্ড শেষে গ্রেপ্তার মহিউদ্দিনকে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ইতি/
