চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। একই সঙ্গে কয়েকজন পুলিশ পরিদর্শককে বিভিন্ন ইউনিট ও থানায় বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব বদলি ও পদায়নের নির্দেশ দেওয়া হয়।
আদেশ অনুযায়ী, নগর পুলিশের বিশেষ শাখা (সিটিএসবি) পরিদর্শক আবদুর রহিমকে খুলশী থানার নতুন ওসি করা হয়েছে। একই সঙ্গে খুলশী থানার বর্তমান ওসি মোজাম্মেল হককে পাঁচলাইশ থানায় এবং পাঁচলাইশ থানার ওসি জাহেদুল ইসলামকে সিটিএসবিতে বদলি করা হয়েছে।
এ ছাড়া পুলিশ পরিদর্শক নুর আহমদকে কর্ণফুলী থানার ওসি, ইখতিয়ার উদ্দিনকে বায়েজীদ বোস্তামী থানার ওসি, জয়নাল আবেদীন মন্ডলকে হালিশহর থানার ওসি এবং একরাম উল্লাহকে সদরঘাট থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টদের নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণের মাধ্যমে এ পদায়ন কার্যকর হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
সিএমপিতে এর আগেও একাধিক থানার ওসি ও পুলিশ পরিদর্শককে একসঙ্গে বদলি-পদায়ন করা হয়েছে। এসব আদেশ সাধারণত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে জারি করা হয়।
ইতি/
