, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 89%

উৎসব সুপার শপকে ৮ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের হালিশহর এক্সেস রোড এলাকায় নকশা অনুযায়ী ভবন নির্মাণ ও পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা না থাকার অভিযোগে উৎসব সুপার শপকে ৮ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে পরিচালিত অভিযানে সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীন এ জরিমানা করেন। অভিযানে নেতৃত্ব দেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।

সিডিএ কর্মকর্তারা জানান, পরিদর্শনের সময় ভবনটির অনুমোদিত নকশার সঙ্গে বাস্তব নির্মাণকাজের অসঙ্গতি পাওয়া যায়। পাশাপাশি বাণিজ্যিক ভবনের জন্য প্রয়োজনীয় পার্কিং সুবিধাও পর্যাপ্ত নয় বলে অভিযানকারীরা দেখতে পান। এসব অনিয়মের পরিপ্রেক্ষিতে ৮ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা পরিশোধ না করলে দুই বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সিডিএর অথরাইজড অফিসার-২ তানজিব হোসেন বলেন, পরিদর্শনের সময় কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে অনুমোদিত নকশা দেখাতে পারেনি। ভবনটিতে প্রয়োজনীয় পার্কিং না থাকায় সড়কের জায়গা ব্যবহারের বিষয়টিও কর্মকর্তাদের নজরে আসে।

সিডিএ সূত্র জানায়, ভবন কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়েছে। আগামী ২৭ নভেম্বরের মধ্যে নকশা অনুযায়ী ব্যত্যয়কৃত অংশ সংশোধন এবং প্রয়োজনীয় পার্কিং সুবিধা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সিডিএ।

অভিযানে একই এলাকায় নির্মাণাধীন আরেকটি ভবনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়। সড়কের জন্য নির্ধারিত জায়গা না ছাড়ার অভিযোগে ভবনটির সীমানাপ্রাচীরের একটি অংশ অপসারণ করা হয়। এ ঘটনায় ভবন মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে দুই মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

এ ছাড়া ওই এলাকার একটি রেস্টুরেন্টেও অভিযান চালায় সিডিএ। ভবনটির অনুমোদিত ব্যবহার, নকশা এবং রেস্টুরেন্ট পরিচালনার বৈধতা যাচাই করতে সেখানে যান কর্মকর্তারা। তবে অভিযানকালে রেস্টুরেন্টের কোনো দায়িত্বশীল ব্যক্তিকে পাওয়া যায়নি। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা সম্ভব না হওয়ায় প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সিডিএ।

অভিযানে সিডিএর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত