চট্টগ্রামের মীরসরাইয়ে চেকপোস্টে তল্লাশি চালিয়ে বিভিন্ন মডেলের ১৬টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোরাই মোবাইলের ক্রয়-বিক্রয় চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. ছাদেক (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ছাদেক সিলেটের শাহপরান (রহ.) থানার হতুরা চুয়াবহর বটেশ্বর এলাকার মো. কুতুব আলীর ছেলে।
পুলিশ জানায়, বুধবার (২৬ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে মীরসরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে ছাদেককে থামিয়ে তল্লাশি চালালে তার কাছ থেকে বিভিন্ন মডেলের ১৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, ছাদেক দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে চোরাই মোবাইল ফোনের অবৈধ ক্রয়-বিক্রয়ের সঙ্গে যুক্ত ছিলেন। তবে উদ্ধার হওয়া মোবাইলগুলোর প্রকৃত মালিকানা ও সেগুলো কীভাবে তার কাছে এসেছে, তা যাচাই করতে তদন্ত চলছে।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, চোরাই মোবাইলের ক্রয়-বিক্রয় এবং ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত সহায়তা কাজে লাগাচ্ছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।
পুলিশ বলছে, উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর বিষয়ে তথ্য যাচাইয়ের পাশাপাশি চক্রটির সঙ্গে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে।
ইতি/
