, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 85%

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত ৭৪

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৭৭ জনে।

সোমবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত দৈনিক ডেঙ্গু পরিস্থিতির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন শনাক্তদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ডেঙ্গু পরীক্ষায় পজিটিভ হয়েছেন ৬৭ জন। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে শনাক্ত হয়েছেন আরও সাতজন।

সরকারি হাসপাতালের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ৩২ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ১১ জন এবং ২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শনাক্ত হয়েছেন আরও ১৩ জন।

সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রামে সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মোট ২ হাজার ৪৭৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ২ হাজার ১০৯ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৩৬৮ জন রোগী শনাক্ত হয়েছেন।

বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ১৯৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ২ হাজার ২৭৯ জন।

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় নগরের পাশাপাশি উপজেলা পর্যায়েও মশার প্রজননস্থল ধ্বংস ও মশক নিধন কার্যক্রম জোরদারের প্রয়োজনীয়তার কথা বলছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত