, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 49%

চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, দুই মাসেই ৩১ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। সেপ্টেম্বর ও অক্টোবরে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। চলতি বছরের প্রথম ১০ মাসে ডেঙ্গুতে মারা যাওয়া ৩৬ জনের মধ্যে ৩১ জনের মৃত্যু হয়েছে এই দুই মাসে। মৃতদের প্রায় ৮০ শতাংশ নারী ও শিশু। নভেম্বরে সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর ও অক্টোবরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৮ জন। এর বিপরীতে বছরের প্রথম আট মাসে আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ২৩ জন। অর্থাৎ বছরের শেষ চার মাসের শুরুতেই সংক্রমণ আগের আট মাসের তুলনায় অনেক বেড়েছে।

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে পুরুষ ৩ হাজার ৩১৮, নারী ২ হাজার ১৪৩ এবং শিশু ১ হাজার ৭০০ জন। পুরুষদের মধ্যে ৭ জন, নারীদের মধ্যে ১৯ জন এবং শিশুদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে নারী ও শিশুর মৃত্যু ২৯ জন, যা মোট মৃত্যুর প্রায় ৮০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ৮৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৩৩ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, ১৯ জন বিআইটিআইডি হাসপাতালে, ৭ জন জেনারেল হাসপাতালে, ২ জন সিএমএইচে, ১০ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ১৬ জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে রোগীর চাপ, বাড়ছে ভোগান্তি

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বাড়ায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। শয্যার সংকটের কারণে অনেক রোগীকে ওয়ার্ডের বারান্দায় মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের অনেকের জন্য মশারি, স্যালাইন দেওয়ার স্ট্যান্ড ও ফ্যানের পর্যাপ্ত ব্যবস্থা নেই। গরমের মধ্যে রোগীদের স্বজনদের হাতপাখা দিয়ে বাতাস করতে দেখা গেছে।

চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বৃষ্টিপাত কমলেও ডেঙ্গু সংক্রমণ প্রত্যাশিত হারে কমছে না। সাধারণত জুন-জুলাইয়ে সংক্রমণ বাড়তে শুরু করে এবং সেপ্টেম্বর-অক্টোবরের দিকে তা কমে আসে। তবে এবার আগস্ট থেকে রোগীর সংখ্যা বাড়তে থাকে। পরবর্তী দুই মাসে সংক্রমণের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ডেঙ্গু চিকিৎসায় আতঙ্ক নয়, সচেতনতা জরুরি

চিকিৎসকদের মতে, ডেঙ্গুতে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলা জরুরি। রোগীর শারীরিক অবস্থা বিবেচনায় তরল গ্রহণ ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হবে। শুধু এনএস১ পরীক্ষার ফল পজিটিভ হলেই প্রত্যেক রোগীকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন নেই। তবে জ্বর কমে যাওয়ার সময় রোগীর অবস্থা গুরুতর হওয়ার ঝুঁকি থাকায় সতর্ক থাকতে হবে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. এ এস এম জাহেদ বলেন, হৃদ্‌রোগ, ডায়াবেটিস ও কিডনি রোগে আক্রান্ত ব্যক্তি এবং গর্ভবতী নারীদের ডেঙ্গু হলে বিশেষ সতর্কতা প্রয়োজন। জ্বর হলে সাধারণ ভাইরাস জ্বর ভেবে অবহেলা না করে ডেঙ্গু পরীক্ষা করানোর পরামর্শ দেন তিনি।,

ডেঙ্গু শনাক্ত হলে পর্যাপ্ত বিশ্রাম, ভ্রমণ পরিহার এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তরল খাবার গ্রহণের ওপর গুরুত্ব দেন এই চিকিৎসক। শারীরিক জটিলতা দেখা দিলে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শও দেন তিনি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতনতা বাড়াতে হবে। বাড়ি ও আশপাশের কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আগের বছরের তুলনায় পরিস্থিতি

চট্টগ্রামে ২০২৫ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৪ হাজার ৮৬৪ জন, মৃত্যু হয়েছিল ২৭ জনের। ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ৪ হাজার ৩২৩, মৃত্যু ৪৫। আর ২০২৩ সালে আক্রান্ত হয়েছিলেন ১৪ হাজার ৮৭ জন, প্রাণ হারান ১০৭ জন।

চলতি বছরের পরিস্থিতি বিবেচনায় ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত