, |

চট্টগ্রাম - 🌤️ 32° সে. | 💧 আদ্রতা 59%

চট্টগ্রাম বন্দরে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি স্থগিত

নিজস্ব প্রতিবেদক

গেট পাসের অতিরিক্ত ফি আদায় ও এক পরিবহন শ্রমিককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চট্টগ্রাম বন্দরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের কর্মবিরতি স্থগিত করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কর্মবিরতি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন প্রাইম মুভারস ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ।

শ্রমিক নেতারা জানান, গেট পাসের নির্ধারিত ফি ৫৭ টাকা হলেও কোথাও কোথাও ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ রয়েছে। এ নিয়ে প্রতিবাদ করাকে কেন্দ্র করে সোমবার বিকেলে বন্দরের ৫ নম্বর গেটে শ্রমিক নেতা মোকতার হোসেনের সঙ্গে নিরাপত্তাকর্মীদের বাগ্‌বিতণ্ডা ও মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তারা।

ঘটনার পর পরিবহন শ্রমিকেরা পণ্য পরিবহন বন্ধ করে কর্মবিরতি শুরু করেন। এতে বন্দর থেকে কনটেইনার পরিবহন কার্যক্রমে সাময়িক অচলাবস্থা তৈরি হয়।

পরে শ্রমিক নেতাদের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের বৈঠক হয়। বৈঠকে গেট পাসের ক্ষেত্রে নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ আদায় এবং শ্রমিকদের হয়রানির অভিযোগ তুলে ধরা হয়। বন্দর কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা কর্মবিরতি স্থগিত করেন।

চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, গেট পাস ইস্যুকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকদের সঙ্গে বন্দরকর্মীদের বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটেছিল। বিষয়টি নিয়ে নিরাপত্তা বিভাগের সঙ্গে আলোচনা হওয়ার পর শ্রমিকেরা কর্মবিরতি স্থগিত করেন।

এর আগে কর্মবিরতির কারণে বন্দরের গেট দিয়ে কনটেইনারবাহী ট্রেইলার ও অন্যান্য পণ্যবাহী যান চলাচল ব্যাহত হয়। পরে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত