চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে হাসিবুল ইসলাম অপু নামে এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের টিচার্স লাউঞ্জের সামনে থেকে তাকে আটক করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তর ও প্রক্টর কার্যালয়ে নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
হাসিবুল ইসলাম অপু বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সংশ্লিষ্টদের দাবি, জিজ্ঞাসাবাদের সময় তার মুঠোফোনে ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহসভাপতি আবরার শাহরিয়ারের একটি ভিডিও কল আসে।
চাকসুর যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক ইসহাক ভূঁইয়া বলেন, সন্দেহের ভিত্তিতে হাসিবুলকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার মুঠোফোন পরীক্ষা করে ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, হাসিবুল এর আগে ছাত্রলীগের বিভিন্ন মিছিল ও কর্মকাণ্ডে অংশ নিয়েছিলেন।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সম্প্রতি বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগের একটি মিছিলে অংশ নেওয়ার কথা হাসিবুল স্বীকার করেছেন বলে সংশ্লিষ্টরা জানান। তবে তিনি ছাত্রলীগের সঙ্গে সাংগঠনিকভাবে যুক্ত থাকার বিষয়টি অস্বীকার করেছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুল ইসলাম জানান, চাকসুর নেতারা ওই শিক্ষার্থীকে প্রক্টর কার্যালয়ে নিয়ে আসার পর যাচাই-বাছাই করা হয়। এ সময় তার কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার বিভিন্ন নথি পাওয়া গেছে বলে তিনি জানান।
পরে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে হাসিবুলকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানান প্রক্টর।
জানা গেছে, হাসিবুলের বাবা শাহজাহান মিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সেকশন অফিসার হিসেবে কর্মরত। বিশ্ববিদ্যালয়ের পামবাগানসংলগ্ন এলাকায় তাদের বাসা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তবে হাসিবুলের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে পুলিশের তদন্ত ও পরবর্তী আইনগত প্রক্রিয়ায় বিস্তারিত তথ্য নিশ্চিত হবে।
ইতি/
