, |

চট্টগ্রাম - 🌤️ 27° সে. | 💧 আদ্রতা 76%

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন শুক্রবার

নিজস্ব প্রতিবেদক

নগরবাসীর জন্য নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা গড়ে তুলতে চট্টগ্রামে চালু হতে যাচ্ছে দেশের প্রথম সাইকেল ট্র্যাক। শুক্রবার (৯ অক্টোবর) আনুষ্ঠানিক উদ্বোধনের পর নগরবাসীর ব্যবহারের জন্য এটি উন্মুক্ত করা হবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) উদ্বোধনের আগে সাইকেল ট্র্যাকের নির্মাণকাজ ও সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনি ট্র্যাকের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং নির্মাণের মান, নিরাপত্তা ও ব্যবহারকারীদের সুবিধা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

মেয়র বলেন, চট্টগ্রামকে আধুনিক, পরিচ্ছন্ন, বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে পরিকল্পিতভাবে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালুর উদ্যোগ নগরের যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে।

চসিক সূত্রে জানা যায়, ‘চট্টগ্রাম এয়ারপোর্ট রোড সম্প্রসারণ ও অন্যান্য ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় বিমানবন্দর সড়কের উন্নয়ন করা হয়েছে। প্রায় ২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ সড়কটি চার লেনের। এর দুই পাশে নির্মাণ করা হয়েছে ফুটপাত। পাশাপাশি সড়কের এক পাশে ল্যান্ডস্কেপিং ওয়াকওয়ের সঙ্গে পৃথক সাইকেল ট্র্যাক রাখা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, আলাদা লেন থাকায় সাইকেল আরোহীদের নিরাপত্তা বাড়বে এবং নগরবাসী পরিবেশবান্ধব যাতায়াতের একটি বিকল্প পাবেন। একই সঙ্গে তরুণদের সাইকেল ব্যবহারে উৎসাহিত করার পাশাপাশি শরীরচর্চা ও স্বাস্থ্যকর জীবনযাপনের সুযোগও বাড়বে।

মেয়র আরও বলেন, নিরাপদ সাইকেল চলাচলের পরিবেশ তৈরি করা গেলে নগরে সাইকেল ব্যবহারের প্রবণতা বাড়ানো সম্ভব। এর মাধ্যমে যানজট ও বায়ুদূষণ কমানোর পাশাপাশি চট্টগ্রামকে ভবিষ্যতে আরও সাইকেলবান্ধব নগর হিসেবে গড়ে তোলার পথ তৈরি হবে।

চসিকের এই উদ্যোগকে নগরের পরিবহন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে সাইকেল ব্যবহারে আগ্রহ বাড়ানো এবং পরিবেশবান্ধব যোগাযোগব্যবস্থা সম্প্রসারণে ট্র্যাকটি ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত