, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 69%

চুয়েটে অচলাবস্থা অব্যাহত, নতুন ভিসির প্রবেশ ঠেকাতে প্রধান ফটকে শিক্ষার্থীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনকে কেন্দ্র করে সৃষ্ট অচলাবস্থা ১৭ দিনেও কাটেনি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল থেকেই ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্যাম্পাসে আসতে পারেন—এমন খবর ছড়িয়ে পড়লে সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন বিপুলসংখ্যক শিক্ষার্থী। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং কোনো যানবাহনকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেননি।

তবে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম চুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেননি। তিনি বর্তমানে চট্টগ্রাম সার্কিট হাউসে অবস্থান করছেন বলে জানা গেছে।

এদিকে সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে স্বপদে পুনর্বহালের দাবিতে উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

আন্দোলনের কারণে গত ১৭ দিন ধরে চুয়েটের ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অচলাবস্থা চললেও সংকট নিরসনে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

আন্দোলনরত শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন বলেন, অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম দায়িত্ব নেওয়ার পর স্বল্প সময়ের মধ্যে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছিলেন। কোনো অভিযোগ ছাড়াই তাকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দাবি করে তিনি বলেন, সাবেক উপাচার্যকে পুনর্বহাল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।

উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে গত ২১ সেপ্টেম্বর রাত থেকে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। পরদিন ২২ সেপ্টেম্বর থেকে তারা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন। এর মধ্যে ক্লাস-পরীক্ষা বর্জন, ক্যাম্পাসে অবস্থান, মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। আন্দোলনে সংহতি জানিয়েছে চুয়েট শিক্ষক সমিতিও।

এর আগে ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্যের পদ থেকে সরিয়ে তার স্থলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়া হয়।

অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার ৫৬ দিনের মধ্যেই তাকে অপসারণের সিদ্ধান্ত আসে। এরপর থেকেই এ সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। টানা আন্দোলনের প্রভাবে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত