, |

চট্টগ্রাম - 🌤️ 25° সে. | 💧 আদ্রতা 96%

ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা ১৬ আগস্ট

নিজস্ব প্রতিবেদক

পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর আগামী ১৬ আগস্ট সারাদেশে ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, পর্যায়ক্রমে আগামী চার বছরের মধ্যে প্রায় ১ কোটি ৬০ লাখ পরিবারকে এই কর্মসূচির আওতায় আনা হবে। প্রয়োজনে তথ্যভিত্তিক মূল্যায়নের মাধ্যমে এ সংখ্যা আরও বাড়ানো হতে পারে।

বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।

সরকার জানিয়েছে, কর্মসূচিটি একটি ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি বা গতিশীল সামাজিক নিবন্ধন ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হবে। ফলে পরিবারের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন অনুযায়ী তথ্য নিয়মিত হালনাগাদ করা হবে, যাতে প্রকৃত সুবিধাভোগীরা তালিকাভুক্ত থাকেন এবং অযোগ্য কেউ সুবিধা নিতে না পারেন।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ১৬ আগস্ট কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের পর অক্টোবরের শেষ নাগাদ ধাপে ধাপে দেশের সব উপজেলা ও ইউনিয়নে কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নতুন পদ্ধতিতে সম্পূর্ণ অনলাইনে তথ্য সংগ্রহ করা হবে এবং প্রতি মাসে তথ্য হালনাগাদ করা হবে। এতে মৃত্যু, আয়-ব্যয়ের পরিবর্তন কিংবা পারিবারিক অবস্থার পরিবর্তনের তথ্য দ্রুত নিবন্ধনে যুক্ত করা সম্ভব হবে।

স্বচ্ছতা নিশ্চিত করতে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে পৃথক তদারকি কমিটি কাজ করবে। জাতীয় পর্যায়েও একটি কেন্দ্রীয় কমিটি কর্মসূচির অগ্রগতি পর্যবেক্ষণ করবে। পাশাপাশি তথ্য যাচাইয়ের মাধ্যমে একই ব্যক্তি যাতে একাধিক সরকারি সুবিধা গ্রহণ করতে না পারেন, সে বিষয়েও বিশেষ নজর রাখা হবে।

 

সরকারের আশা, পরিবারের নারী সদস্যদের মাধ্যমে সহায়তা পৌঁছে দিলে শিশুদের শিক্ষা, পুষ্টি, স্বাস্থ্যসেবা, ক্ষুদ্র উদ্যোক্তা কার্যক্রম এবং পারিবারিক অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে। এর মাধ্যমে নারীর ক্ষমতায়নের পাশাপাশি দারিদ্র্য হ্রাসেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ফ্যামিলি কার্ড কর্মসূচি।

 

সরকারি তথ্য অনুযায়ী, দেশের ৫৬টি এলাকায় পরিচালিত পরীক্ষামূলক কার্যক্রমে সন্তোষজনক ফল পাওয়া গেছে। সীমিত কিছু ত্রুটি সংশোধনের পর এখন সারাদেশে কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত