চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
মৃত শিশুটির নাম সিরাজুল মনিরা (৫)। সে সীতাকুণ্ড পৌরসভার আমিরাবাদ এলাকার নুরুন্নবীর মেয়ে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন জানান, শিশুটিকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনা হয়নি। জ্বরের কয়েক দিন পর তার ডেঙ্গু পরীক্ষা করা হয়। পরে অবস্থার অবনতি হলে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকের পরামর্শে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার শিশুটিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে একদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে শিশুটি তীব্র জ্বরে ভুগছিল এবং ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল। মঙ্গলবার চিকিৎসকের কাছে নেওয়ার পর রক্ত পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়। তখন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
এর আগে মঙ্গলবার দুপুরে সীতাকুণ্ডের ভাটিয়ারি ইউনিয়নের তুলাতুলি গ্রামে ডেঙ্গু আক্রান্ত এক তরুণের মৃত্যু হয়। ওই ঘটনার ৪৮ ঘণ্টা পার হওয়ার আগেই উপজেলায় ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু হলো।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, শিশুটির চিকিৎসাসংক্রান্ত তথ্য অনুযায়ী, ডেঙ্গু শনাক্ত হওয়ার পর দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।
ইতি/
