, |

চট্টগ্রাম - 🌤️ 32° সে. | 💧 আদ্রতা 59%

এলপিজির দাম বাড়ল, সরবরাহ সংকট কাটার আশা

নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহে সাম্প্রতিক ঘাটতির মধ্যেই ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৮৩৭ টাকা।

এর আগে গত মাসে একই সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৫৮৫ টাকা। অর্থাৎ এবার দাম বেড়েছে ২৫২ টাকা। তবে সরবরাহ সংকটের কারণে রাজধানীসহ বিভিন্ন এলাকায় নির্ধারিত দামের চেয়ে কয়েকশ টাকা বেশি দিয়ে ভোক্তাদের এলপিজি কিনতে হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

খাতসংশ্লিষ্ট ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে এলপিজির আমদানিতে বড় ধরনের ঘাটতি দেখা যায়নি। আগস্টে প্রায় ১ লাখ ৫৮ হাজার মেট্রিক টন এবং সেপ্টেম্বরে প্রায় ১ লাখ ৫৬ হাজার মেট্রিক টন এলপিজি আমদানি হয়েছে।

তবে আমদানি স্বাভাবিক থাকার পরও বাজারে সরবরাহ কমে যাওয়ার কারণ নিয়ে প্রশ্ন উঠেছে। ব্যবসায়ীদের একটি অংশের অভিযোগ, গত ২০ সেপ্টেম্বরের পর থেকে বিভিন্ন কোম্পানি ধাপে ধাপে সরবরাহ কমিয়েছে। এতে ডিপোগুলোতে ডিলারদের গাড়ির দীর্ঘ অপেক্ষা তৈরি হয় এবং পরিবহন ব্যয়ও বেড়ে যায়।

পরিস্থিতি খতিয়ে দেখতে এলপিজি আমদানিকারক কয়েকটি প্রতিষ্ঠানকে আমদানি ও সরবরাহের দৈনিক তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিইআরসি। এসব তথ্য যাচাই করে বাজারে কৃত্রিম সংকট বা মজুতের ঘটনা ঘটেছে কি না, তা দেখা হবে।

বিইআরসি জানিয়েছে, সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের আশা, নতুন দাম কার্যকর হওয়ার পর বাজারে এলপিজির সরবরাহ ধীরে ধীরে বাড়তে পারে। তবে স্বাভাবিক পরিস্থিতি ফিরতে কয়েক দিন সময় লাগতে পারে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১৫৩ টাকা ৬ পয়সা। আর যানবাহনে ব্যবহৃত অটো গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ৮৪ টাকা ৬২ পয়সা।

ভোক্তা অধিকারকর্মীদের অভিযোগ, পর্যাপ্ত আমদানি থাকার পরও বাজারে সরবরাহ সংকট তৈরি হয়ে থাকলে এর পেছনে মজুতদারি বা কৃত্রিম সংকটের বিষয়টি তদন্ত করা প্রয়োজন।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত