চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ইটভাটার চিমনি ও চুল্লি (কিলন) গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। একই অভিযানে আইন লঙ্ঘনের দায়ে অপর একটি ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার বেতাগী ইউনিয়নের বানিয়াখোলা এলাকায় দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর।
অভিযানে মেসার্স খাজা আজমির ব্রিকস ম্যানুফ্যাকচারিং (কেএমআর) নামের একটি ইটভাটার চিমনিসহ কিলন এক্সকাভেটরের সাহায্যে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। একই এলাকার মেসার্স খাজা ব্রিকস ম্যানুফ্যাকচারিং (কেবিএম) নামের অপর একটি ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে এসব ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিন উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষা ও অভিযানে সহযোগিতা করেন সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এদিকে রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করায় পরিবেশ অধিদপ্তরকে অভিনন্দন জানিয়েছে বৃহত্তর চট্টগ্রামের পরিবেশবাদী সংগঠন গ্রীন চট্টগ্রাম অ্যালায়েন্স।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমান বলেন, রাঙ্গুনিয়া উপজেলায় দীর্ঘদিন ধরে অবৈধ ইটভাটার কার্যক্রম চলছে। বিশেষ করে উপজেলার ইসলামপুর এলাকায় শতাধিক অবৈধ ইটভাটা রয়েছে বলে দাবি করেন তিনি। এসব ইটভাটার বিরুদ্ধে দ্রুত অভিযান পরিচালনা এবং অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য পরিবেশ অধিদপ্তরের প্রতি আহ্বান জানান তিনি।
