চট্টগ্রামে প্রায় সাত লাখ টাকা মূল্যের ইয়ামাহা আর১৫এম মোটরসাইকেল চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ থানা। একই সঙ্গে কক্সবাজারের মহেশখালী থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে পাঁচলাইশ থানার সানন্দা আবাসিক এলাকার শাহিনের বাড়ির পার্কিংয়ে মোটরসাইকেলটি তালাবদ্ধ করে রাখেন মো. আসিফ ইমতিয়াজ অনিক (২৩)। পরদিন সকালে সেখানে গিয়ে মোটরসাইকেলটি আর খুঁজে পাননি তিনি। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।
মামলাটির তদন্তে নেমে বিভিন্ন সময়ে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। গত ২৪ সেপ্টেম্বর বাঁশখালীর ছনুয়া এলাকা থেকে মোহাম্মদ রুবেল হাসান (২৮), ৭ অক্টোবর পাঁচলাইশের হিলভিউ এলাকা থেকে আনোয়ার হোসেন (৩২) এবং ১৩ অক্টোবর উখিয়ার কোটবাজার এলাকা থেকে মো. রিদুয়ান (২৬) ও নুরুল আবছারকে (২০) গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আদালতের নির্দেশে দুই আসামিকে এক দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ ও তদন্তের ধারাবাহিকতায় চুরি হওয়া মোটরসাইকেলটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।
পরবর্তীতে ২৭ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে কক্সবাজারের মহেশখালী থানার হোয়ানক টাইমবাজার এলাকার একটি মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হকের নেতৃত্বে এসআই মো. ফারুক আহমেদসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে।
ইতি/
