, |

চট্টগ্রাম - 🌤️ 26° সে. | 💧 আদ্রতা 93%

চুয়েট সংকট নিরসনে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে ইউজিসির বৈঠক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসন এবং স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ফিরিয়ে আনার লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ছয় সদস্যের পরামর্শক কমিটি।

বুধবার (২৮ অক্টোবর) চুয়েটের কেন্দ্রীয় মিলনায়তনে পৃথক বৈঠকে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য, দাবি ও উদ্বেগের বিষয়গুলো শোনেন কমিটির সদস্যরা। এসব মতামত পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির উন্নয়নে সরকারকে প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার কথা জানিয়েছে কমিটি।

সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষকদের সঙ্গে আলোচনার মাধ্যমে কমিটির কার্যক্রম শুরু হয়। পরে দুপুরে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়। বিকেলে কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্য শোনারও কর্মসূচি ছিল।

আলোচনায় শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবি জানানো হয়। পাশাপাশি চলমান সংকটের কারণ, আন্দোলনের প্রেক্ষাপট এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে সৃষ্ট প্রতিবন্ধকতার বিষয়গুলো তুলে ধরেন সংশ্লিষ্টরা।

শিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক রাশিদুল হাসান জানান, তাঁরা কমিটির কাছে নিজেদের অবস্থান মৌখিকভাবে ব্যাখ্যা করেছেন এবং সংশ্লিষ্ট বিষয়ে লিখিত নথিপত্রও দিয়েছেন। আলোচনায় উঠে আসা বিষয়গুলো সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের মাধ্যমে সংকট সমাধানে কার্যকর সিদ্ধান্ত আসবে বলে তাঁরা আশা করছেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকেও সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবির বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়। তাঁদের মতে, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্দোলনের দাবির সঙ্গে শিক্ষার্থীদের অবস্থানেরও মিল রয়েছে। বৈঠকে এসব বিষয় কমিটির কাছে তুলে ধরা হয়েছে।

এদিকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে চুয়েট ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীও পরামর্শক কমিটির সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁদের মধ্যে সংগঠনটির সভাপতি ওয়াসিফ রাশেদ ও সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসাইন ছিলেন। তাঁরা শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়া, ক্লাস স্থগিত থাকা এবং শিক্ষার্থীদের বিভিন্ন উদ্বেগের বিষয় কমিটির কাছে তুলে ধরেন বলে জানান।

ছয় সদস্যের এই পরামর্শক কমিটির নেতৃত্বে রয়েছেন ইউজিসির সদস্য অধ্যাপক আবদুল্লাহ-আল-মামুন। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ইউজিসির অতিরিক্ত পরিচালক মো. মহিবুল আহসান। কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটোয়ারী।

মতবিনিময় শেষে কমিটির প্রধান অধ্যাপক আবদুল্লাহ-আল-মামুন জানান, চুয়েটের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে সংকট নিরসনের সম্ভাব্য পথ খুঁজতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য ও মতামত বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক করার বিষয়ে সরকারকে পরামর্শ দেওয়ার চেষ্টা করবে কমিটি।

বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনে এই মতবিনিময়ের পর কী সুপারিশ আসে এবং তার ভিত্তিতে কী সিদ্ধান্ত নেওয়া হয়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত