সেন্ট মার্টিন ভ্রমণে পর্যটকদের রাতযাপন নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির অবসান ঘটাতে সংশোধিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, দ্বীপে পর্যটক প্রবেশের দৈনিক সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে সাড়ে ৩ হাজার। পাশাপাশি জনপ্রতি ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি এবং ট্রাভেল পাসের নিয়ম বহাল রাখা হয়েছে।
আগের নির্দেশনায় নভেম্বর মাসে শুধু দিনের বেলায় দ্বীপ ভ্রমণের সুযোগ ছিল। পর্যটকদের একই দিনে ফিরে আসতে হতো। অন্যদিকে, ডিসেম্বর ও জানুয়ারি মাসে রাতযাপনের সুযোগ থাকায় ভ্রমণের সময়সীমা নিয়ে পর্যটক, হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ী ও জাহাজমালিকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।
সংশোধিত সিদ্ধান্তে ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত পর্যটকদের সেন্ট মার্টিনে রাতযাপনের সুযোগ রাখা হয়েছে। ফলে নভেম্বর মাসে রাতযাপন নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা দূর হয়েছে।
আগের মতোই কক্সবাজার শহরের নুনিয়ারছড়ায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঘাট থেকে পর্যটকবাহী জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যাবে।
দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে পর্যটকদের সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। ভ্রমণের আগে ট্রাভেল পাস সংগ্রহের বিষয়টিও নিশ্চিত করতে হবে।
ইতি/
