, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 80%

চুয়েটে ক্লাসে ফিরছেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

টানা ৩৪ দিনের অচলাবস্থার পর আগামী ২৮ অক্টোবর থেকে ক্লাস ও পরীক্ষায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। তবে সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

রোববার রাতে শিক্ষার্থীদের প্রকাশিত এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, দীর্ঘদিন শিক্ষাকার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা বিবেচনায় নিয়ে একাডেমিক কার্যক্রমে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ক্যাম্পাসে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষক ও শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

শিক্ষার্থীরা স্পষ্ট করেছেন, ক্লাস-পরীক্ষায় অংশ নেওয়ার সিদ্ধান্তকে আন্দোলনের সমাপ্তি হিসেবে দেখার সুযোগ নেই। অধ্যাপক সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়, অধ্যাপক শরিফুল আলম পুনরায় ক্যাম্পাসে প্রবেশ বা উপাচার্যের দায়িত্ব পালনের উদ্যোগ নিলে শিক্ষার্থীরা আবারও শাটডাউন কর্মসূচি ঘোষণা করে ক্লাস-পরীক্ষা বর্জন করবেন।

শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তাদের দাবি বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তাদের প্রত্যাশা, উপাচার্য নিয়োগসংক্রান্ত বিরোধের সমাধানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে স্থিতিশীলতা ফিরবে এবং নিয়মিত শিক্ষাকার্যক্রম নির্বিঘ্নে চালু রাখা সম্ভব হবে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত