, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 82%

চট্টগ্রামে চার ভবনের অংশ অপসারণ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীতে অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান চালিয়ে ছয়টি ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। খুলশী ও চান্দগাঁও এলাকায় পরিচালিত এ অভিযানে চারটি ভবনের অননুমোদিত অংশ অপসারণ করা হয়েছে। পাশাপাশি দুটি ভবন সিলগালা করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) পরিচালিত অভিযানে বাণিজ্যিক প্রতিষ্ঠান বাস্কেটসহ আরও দুটি ভবনকে সতর্ক করা হয়। এ ছাড়া সংশ্লিষ্ট ভবনমালিকদের কাছ থেকে হলফনামা নেওয়া হয়েছে।

সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীন এবং অথরাইজড অফিসার-১ কাজী কাদের নেওয়াজের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় সংস্থাটির সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে অনুমোদিত নকশার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ স্থাপনার বিভিন্ন অংশ অপসারণ করা হয়। ভবনমালিকদের অনুমোদিত নকশা অনুসরণ করে নির্মাণকাজ পরিচালনা এবং প্রযোজ্য বিধিবিধান মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।

সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন জানান, অনুমোদিত নকশা অনুসরণ না করে ভবন নির্মাণ নগরীর পরিকল্পিত উন্নয়ন ও নিরাপত্তার জন্য উদ্বেগজনক। এ ধরনের অনিয়ম প্রতিরোধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

সিডিএ জানিয়েছে, চট্টগ্রামকে পরিকল্পিত, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ভবন নির্মাণে অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত