নগরের খুলশী থানায় পুলিশের ওপর হামলা ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা পৃথক দুই মামলায় ওয়াকিল হোসেন ওরফে বগাসহ ১৩ আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এজিএম মনিরুল হাসান সরকারের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
খুলশী থানার জিআরও উপপরিদর্শক (এসআই) নুরুল আলমের বরাত দিয়ে জানা যায়, পুলিশের ওপর হামলা ও চাঁদাবাজির মামলায় বগাকে কঠোর পুলিশি নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। অন্য একটি মামলায় তিনি আগে থেকেই কারাগারে ছিলেন। পরে প্রোডাকশন ওয়ারেন্টের (পি/ডব্লিউ) মাধ্যমে তাঁকে এ দুই মামলায় আদালতে হাজির করা হয়।
অন্যদিকে, এ দুই মামলার বাকি ১২ আসামি হাইকোর্টের জামিনসংক্রান্ত আদেশের পরিপ্রেক্ষিতে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত ১৩ জনের জামিন আবেদনই নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ইতি/
