, |

চট্টগ্রাম - 🌤️ 27° সে. | 💧 আদ্রতা 87%

পরাজিত শক্তি দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত: প্রতিমন্ত্রী মীর হেলাল

নিজস্ব প্রতিবেদক

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত শক্তিগুলো একত্র হয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িত বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদল আয়োজিত র‍্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বক্তব্যে মীর হেলাল বিরোধী দলের সংসদ ও সংসদবহির্ভূত বক্তব্যের মধ্যে অসংগতির অভিযোগ তুলে ধরেন। তাঁর মতে, এ ধরনের রাজনৈতিক দ্বিচারিতা জনগণ গ্রহণ করে না।

যুবদলকে বিএনপির একটি সুশৃঙ্খল সংগঠন হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনাবিরোধী আন্দোলনে সংগঠনটির নেতাকর্মীরা রাজপথে সক্রিয় ছিলেন। দেশের গণতন্ত্র ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।

শেখ হাসিনার শাসনামলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত এবং উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে বলে দাবি করেন মীর হেলাল। একই সঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পুনর্গঠনে কাজ করছেন। শেখ হাসিনা দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিচার হবে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।

প্রধান বক্তার বক্তব্যে এরশাদ উল্লাহ যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান। পাশাপাশি জনসাধারণের পাশে দাঁড়ানো এবং দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান দলীয় শৃঙ্খলা, পারস্পরিক সম্মান ও জনমানুষের প্রত্যাশাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। সাম্য ও মানবিক বাংলাদেশ গঠনে যুবদলের নেতাকর্মীদের ভূমিকা রাখার কথাও বলেন তিনি।

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন বক্কর বিভিন্ন আন্দোলন-সংগ্রামে যুবদলের ভূমিকার কথা তুলে ধরে সংগঠনকে ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল রাখার ওপর জোর দেন।

মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন বলেন, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর প্রতিষ্ঠার পর থেকে যুবদল রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছে। তিনি প্রতিহিংসার বদলে সহনশীলতা, বিভেদের পরিবর্তে ঐক্য এবং দখলদারত্বের পরিবর্তে জনসেবাকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান।

সমাবেশে চট্টগ্রাম মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত