চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২০ জন আহত হয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বাগিচাহাটের উত্তরে খানদিঘী শিকারীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হলেও পুলিশের তৎপরতায় পরে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের বাসটি (চট্ট মেট্রো-ব ১১-১১৭০) ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের ওপর আড়াআড়িভাবে উল্টে যায়। দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন।
পরে আহত যাত্রীদের উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতাল ও দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
এদিকে দুর্ঘটনার কারণে মহাসড়কের ব্যস্ততম এই অংশে শত শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে সহায়তা করে। পরে রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের ওই এলাকায় রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। এ ছাড়া সড়কের সামান্য বাঁকের কারণে ভোররাতে দ্রুতগতির যানবাহন প্রায়ই দুর্ঘটনার ঝুঁকিতে পড়ে। এ পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
