, |

চট্টগ্রাম - 🌤️ 26° সে. | 💧 আদ্রতা 93%

চট্টগ্রামে দুই বছরের জন্য আদালতে মামলা পরিচালনায় নিষিদ্ধ আইনজীবী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে আদালতে জামিন শুনানির সময় অসংলগ্ন কথা বলা ও অস্বাভাবিক আচরণের অভিযোগে আইনজীবী মো. শাহেদুল হকের সদস্যপদ স্থগিত করেছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। পাশাপাশি আগামী দুই বছর চট্টগ্রামের কোনো আদালতে মামলা পরিচালনা করতে পারবেন না তিনি।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুদ্দীনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সমিতি সূত্রে জানা গেছে, শাহেদুল হকের আচরণ নিয়ে ওঠা অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির কাছে তিনি নিজের বক্তব্য তুলে ধরলেও তা সন্তোষজনক বিবেচিত হয়নি। অভিযোগের সত্যতা পাওয়ার পর তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। এ ঘটনায় তিনি ক্ষমা চেয়েছেন বলেও জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক।

সমিতির সাধারণ সম্পাদক জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী শাহেদুল হকের ডোপ টেস্ট করানোর কথা থাকলেও তিনি তা করাননি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাঁর সদস্যপদ স্থগিতের পাশাপাশি দুই বছরের জন্য চট্টগ্রামের আদালতগুলোতে মামলা পরিচালনায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ বিষয়ে আদালতকেও চিঠি দিয়ে অবহিত করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হালিশহর থানার একটি নালিশি মামলার আসামি এমরান চৌধুরীর জামিন আবেদন করেন তাঁর আইনজীবী শাহেদুল হক।

শুনানির শুরুতে বাদীপক্ষের আইনজীবী শ্যামলী চৌধুরী আদালতকে জানান, আসামিপক্ষের আইনজীবী আদালতে আসতে চাইছেন না। এ কারণে তিনি নিজেই জামিন শুনানি করতে চান। একই সঙ্গে আসামির জামিনে তাঁর আপত্তি নেই বলেও জানান। তবে বিচারক জামিন শুনানিতে আসামিপক্ষের আইনজীবীর উপস্থিতির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

পরে বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে আদালতে উপস্থিত হন শাহেদুল হক। শুনানির সময় তাঁর বক্তব্য জড়িয়ে যাচ্ছিল এবং পোশাক-পরিচ্ছদও স্বাভাবিক ছিল না বলে আদালতের আদেশে উল্লেখ করা হয়। এসব পর্যবেক্ষণের ভিত্তিতে বিচারকের কাছে তাঁর মদ্যপানের বিষয়টি প্রতীয়মান হয়। এরপর তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডোপ টেস্ট করানোর নির্দেশ দেওয়া হয়।

তবে তাঁর ডোপ টেস্টের কোনো ফলাফল পাওয়া গেছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পরবর্তী সময়ে অভিযোগ তদন্ত করে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি তাঁর বিরুদ্ধে পেশাগত নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয়।

সমিতির এ সিদ্ধান্ত কার্যকর থাকাকালে আগামী দুই বছর চট্টগ্রামের কোনো আদালতে মামলা পরিচালনা করতে পারবেন না আইনজীবী মো. শাহেদুল হক।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত