, |

চট্টগ্রাম - 🌤️ 30° সে. | 💧 আদ্রতা 62%

লোহাগাড়ায় দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন প্রত্যাহার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের লোহাগাড়ায় জামায়াতে ইসলামীর প্রতি ক্ষোভ প্রকাশ করে দুধ দিয়ে গোসল করে দলটির সমর্থন ছাড়ার ঘোষণা দিয়েছেন মো. ফারুক (৪৮) নামের এক ব্যক্তি। আধুনগর বাজারে দুধ দিয়ে গোসল করার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাতে লোহাগাড়া উপজেলার আধুনগর বাজারে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সন্ধ্যায় দুধ দিয়ে গোসল করার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ফারুক উপজেলার আধুনগর ইউনিয়নের গাটিয়াপাড়া এলাকার বাসিন্দা। নিজের ফেসবুক আইডিতে জামায়াতে ইসলামীর পক্ষে নিয়মিত ভিডিও বক্তব্য দেওয়ার কারণে এলাকায় পরিচিত তিনি।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, গত সোমবার আধুনগর বাজার কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে বিএনপি ও জামায়াতের সমর্থকেরা পৃথক প্রার্থীকে সমর্থন দেন। সন্ধ্যায় ফলাফল ঘোষণার পর বিএনপি-সমর্থিত প্রার্থী জয়ী হন। এরপর ক্ষুব্ধ হয়ে জামায়াতের স্থানীয় নেতাদের সমালোচনা করে ফেসবুকে ভিডিও বক্তব্য দেন ফারুক।

তাঁর অভিযোগ, ইউনিয়ন জামায়াতের নেতারা কথা দিয়েও তাঁদের সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করেননি। এ ঘটনার পর ওই রাতেই আধুনগর বাজারে দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা দেন তিনি। এ সময় পাশে থাকা একদল মানুষকে হাততালি দিতে দেখা যায়।

ঘটনার কয়েক ঘণ্টা আগে নিজের ফেসবুক আইডিতে প্রকাশিত এক ভিডিও বক্তব্যে ফারুক জামায়াতের স্থানীয় দায়িত্বশীল নেতাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তিনি তাঁদের ‘চোর, ডাকাত, ভোট চোর’ বলে আখ্যায়িত করেন।

ফারুক বলেন, তিনি জামায়াতের নেতা বা কর্মী নন, তবে দলটিকে সমর্থন করতেন। বর্তমানে আধুনগর ইউনিয়নে দলটির দায়িত্বে থাকা ব্যক্তিদের কার্যকলাপ তাঁর ভালো লাগছে না। এ কারণে দুধ দিয়ে গোসল করে দলটির সমর্থন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তবে এ ঘটনায় ভিন্ন বক্তব্য দিয়েছেন আধুনগর ইউনিয়ন জামায়াতের আমির আবদুল কাদের। তাঁর ভাষ্য, ফারুক তাঁদের একজন সমর্থক হিসেবে দলীয় কর্মসূচিতে অংশ নিতেন। বাজার কমিটির নির্বাচনে বিএনপি বা জামায়াত কোনো প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেয়নি। তবে সভাপতি পদে ফারুকের ব্যক্তিগত পছন্দের একজন প্রার্থী ছিলেন, যিনি নির্বাচনে পরাজিত হয়েছেন। এ কারণে আবেগের বশে ফারুক এমন কাজ করে থাকতে পারেন বলে মনে করেন তিনি।

বাজার কমিটির নির্বাচনকে কেন্দ্র করে ব্যক্তিগত ক্ষোভ থেকে দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার এই ঘোষণা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

আরু|//ইতি

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত