ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে প্রশ্ন আরও জোরালো হচ্ছে। বিশ্বকাপসহ ফিফার বড় টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক স্বত্ব ব্যবস্থাপনা নিয়ে প্রস্তাবিত একটি পরিকল্পনা বাতিল হওয়ার পর তাঁর নেতৃত্বের সমালোচনা তীব্র হয়েছে। এরই ধারাবাহিকতায় ২০২৭–২০৩১ মেয়াদে ফিফা সভাপতি পদে তাঁর সম্ভাব্য পুনর্নির্বাচনের প্রতি সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন (এফএডব্লিউ)।
ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায়, সাম্প্রতিক সময়ে সুশাসন, নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া, অংশীজনদের সঙ্গে সম্পর্ক এবং যোগাযোগ ব্যবস্থাপনায় ঘাটতির কারণে বর্তমান নেতৃত্বের প্রতি তাদের আস্থা কমে গেছে। সংস্থাটির মতে, বিশ্ব ফুটবলের দীর্ঘমেয়াদি স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।
সম্প্রতি ফিফা একটি নতুন বাণিজ্যিক কাঠামো গঠনের উদ্যোগ নেয়। পরিকল্পনা অনুযায়ী, বিশ্বকাপসহ সংস্থার প্রধান প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক অধিকার পরিচালনাকারী নতুন প্রতিষ্ঠানের ২০ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে প্রায় ৪.২ বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহের লক্ষ্য ছিল। তবে বিভিন্ন অংশীজনের আপত্তি ও সমালোচনার মুখে শেষ পর্যন্ত পরিকল্পনাটি প্রত্যাহার করা হয়।
এই সিদ্ধান্তের পর ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে বিতর্ক আরও তীব্র হয়। ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা এবং উত্তর ও মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনক্যাকাফও তাঁর নেতৃত্ব নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলে। তবে কোনো জাতীয় ফুটবল সংস্থা হিসেবে আনুষ্ঠানিকভাবে সমর্থন প্রত্যাহারের ঘোষণা দেয় ওয়েলসই প্রথম।
এদিকে, বিষয়টি নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর পক্ষ থেকে ফিফার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে সংস্থাটির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, আসন্ন ফিফা প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এই ঘটনাগুলো আন্তর্জাতিক ফুটবল রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।
ইতি/
