, |

চট্টগ্রাম - 🌤️ 26° সে. | 💧 আদ্রতা 95%

তিন দিনেই বাজিমাত!

রেকর্ড গড়ল নতুন ‘স্পাইডার-ম্যান

নিজস্ব প্রতিবেদক

মার্ভেল স্টুডিওসের জন্য দারুণ সুখবর নিয়ে এসেছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। মুক্তির প্রথম সপ্তাহান্তেই বিশ্বব্যাপী প্রায় ৯২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার আয় করে সিনেমাটি ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড গড়েছে। এ তালিকায় এখনও শীর্ষে রয়েছে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’, যার উদ্বোধনী আয় ছিল প্রায় ১২২ কোটি ডলার।

মাত্র তিন দিনের আয়েই সিনেমাটি এর আনুমানিক ২২ কোটি ৫০ লাখ ডলারের নির্মাণ ব্যয় ছাড়িয়ে গেছে। ফলে চলতি বছরের সবচেয়ে সফল বাণিজ্যিক চলচ্চিত্রগুলোর একটি হিসেবে জায়গা করে নিয়েছে এটি।

উত্তর আমেরিকায়ও শক্ত অবস্থান যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে মুক্তির প্রথম সপ্তাহান্তে সিনেমাটি আয় করেছে প্রায় ৩৫ কোটি ৫০ লাখ ডলার। এর মাধ্যমে উত্তর আমেরিকার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী আয় করা চলচ্চিত্রের মর্যাদা পেয়েছে ‘ব্র্যান্ড নিউ ডে’। এই তালিকায় প্রথম স্থান এখনও ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর দখলে।

আন্তর্জাতিক বাজার থেকেও এসেছে উল্লেখযোগ্য সাড়া। বিশ্বের ৭৩ হাজারের বেশি পর্দায় মুক্তি পাওয়া ছবিটি বিদেশি বাজার থেকে আয় করেছে প্রায় ৫৭ কোটি ২০ লাখ ডলার। এর মধ্যে সবচেয়ে বড় অবদান রেখেছে চীন, যেখানে উদ্বোধনী সপ্তাহান্তে আয় হয়েছে ১২ কোটি ১০ লাখ ডলার। যুক্তরাজ্যের বাজার থেকেও এসেছে প্রায় ৪ কোটি ৯০ লাখ ডলার।

স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর ঘটনার পরবর্তী সময়কে কেন্দ্র করে নির্মিত হয়েছে নতুন এই কিস্তি। আগের মতোই টম হল্যান্ড পিটার পার্কারের ভূমিকায় অভিনয় করেছেন। গল্পে দেখা যায়, এমন এক বাস্তবতায় তাকে অপরাধের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হয়, যেখানে পৃথিবীর কেউ আর জানে না যে তিনিই স্পাইডার-ম্যান।

সিনেমাটিতে একাকিত্ব, আত্মপরিচয়ের সংকট এবং নতুন করে সম্পর্ক গড়ে তোলার মতো আবেগঘন বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। জেনডায়া আবারও এমজে চরিত্রে অভিনয় করেছেন। টম হল্যান্ড ও জেনডায়ার অনস্ক্রিন রসায়ন দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করেছে।

মুক্তির পর থেকেই চলচ্চিত্রটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পাচ্ছে। অনেকের মতে, স্পাইডার-ম্যান চরিত্রে টম হল্যান্ডের এটি এখন পর্যন্ত সবচেয়ে পরিণত ও শক্তিশালী অভিনয়।

মার্ভেল স্টুডিওসের প্রধান কেভিন ফাইগি সিনেমাটির উদ্বোধনী সাফল্যে সন্তোষ প্রকাশ করে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তাঁর মতে, বড় পর্দার অভিজ্ঞতা মাথায় রেখেই ছবিটি নির্মাণ করা হয়েছিল এবং দর্শকও সেটি সেভাবেই গ্রহণ করেছেন।

সাম্প্রতিক সময়ে মার্ভেলের কয়েকটি বড় বাজেটের চলচ্চিত্র প্রত্যাশিত ব্যবসায়িক সাফল্য পায়নি। সেই প্রেক্ষাপটে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর দুর্দান্ত পারফরম্যান্স স্টুডিওটির জন্য নতুন আশার সঞ্চার করেছে।

বিশ্লেষকদের মতে, এই সাফল্য শুধু চলতি বছরের বক্স অফিসেই ইতিবাচক প্রভাব ফেলবে না, বরং সামনে মুক্তির অপেক্ষায় থাকা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর জন্যও দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে তুলবে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত