হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে উল্লেখযোগ্য পতন হয়েছে। সরবরাহ সংকটের আশঙ্কা কমে আসায় মঙ্গলবার (৪ আগস্ট) লেনদেনে তেলের দাম দ্রুত নিচের দিকে নেমে আসে।
আন্তর্জাতিক বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) অপরিশোধিত তেলের দাম প্রায় ৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৭৬ দশমিক ৩২ ডলারে নেমে আসে। একই সময়ে বৈশ্বিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড–এর দামও ৪ শতাংশের বেশি কমে প্রতি ব্যারেল ৮০ ডলারের নিচে লেনদেন হয়।
বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। এ পথ দিয়ে বৈশ্বিক তেল রপ্তানির বড় একটি অংশ পরিবাহিত হয়। ফলে প্রণালিটি স্বাভাবিকভাবে চালু থাকার সম্ভাবনা তৈরি হলে আন্তর্জাতিক বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ কমে যায় এবং তেলের দামে তাৎক্ষণিক প্রভাব পড়ে।
এর আগে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে ইরানের সঙ্গে দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। ওই মন্তব্যের পরই আন্তর্জাতিক জ্বালানি বাজারে বিক্রির চাপ বাড়ে এবং তেলের দাম নিম্নমুখী হয়।
বিশ্লেষকদের ধারণা, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি এবং হরমুজ প্রণালিকে ঘিরে কূটনৈতিক অগ্রগতিই আগামী দিনগুলোতে আন্তর্জাতিক তেলের বাজারের গতিপ্রকৃতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইতি/
