দেশে চলমান গ্যাস সংকট নিরসনে স্বস্তির খবর এসেছে। কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত ভাসমান এলএনজি (FSRU) টার্মিনাল পুনরায় কার্যক্রম শুরু করায় আজ (৫ আগস্ট) সন্ধ্যা থেকে জাতীয় গ্যাস গ্রিডে অতিরিক্ত ২০০ থেকে ২৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস সরবরাহ করা হবে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং সংশ্লিষ্ট সূত্র জানায়, রক্ষণাবেক্ষণ ও কারিগরি কার্যক্রম শেষে টার্মিনালটি আবার উৎপাদনে ফিরেছে। এর ফলে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং সাম্প্রতিক সময়ে দেখা দেওয়া সরবরাহ–সংকট কিছুটা লাঘব হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অতিরিক্ত এই গ্যাস পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হবে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জসহ শিল্পাঞ্চল, বিদ্যুৎকেন্দ্র, সার কারখানা এবং আবাসিক খাতে গ্যাসের চাপ কিছুটা উন্নত হতে পারে।
গত কয়েক সপ্তাহ ধরে এলএনজি সরবরাহে বিঘ্ন এবং অভ্যন্তরীণ গ্যাস উৎপাদনের সীমাবদ্ধতার কারণে দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ ও সরবরাহ–সংকট দেখা দেয়। এতে শিল্প উৎপাদন, বিদ্যুৎ উৎপাদন এবং গৃহস্থালির রান্নার কাজে ভোগান্তি বাড়ে।
কর্মকর্তারা আশা করছেন, মহেশখালীর এফএসআরইউ থেকে অতিরিক্ত গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার পর পরিস্থিতির উন্নতি হবে। তবে কোন এলাকায় কত দ্রুত এর প্রভাব পড়বে, তা নির্ভর করবে চাহিদা, পাইপলাইন নেটওয়ার্ক এবং বিতরণ ব্যবস্থার ওপর।
সরকার জানিয়েছে, দেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এলএনজি আমদানি, গ্যাস অবকাঠামোর উন্নয়ন এবং নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে প্রয়োজনীয় সব ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে।
ইতি/
