, |

চট্টগ্রাম - 🌤️ 27° সে. | 💧 আদ্রতা 93%

কক্সবাজারের পাঁচতারকা হোটেলের সুইমিং পুলে পর্যটকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ার ইনানী মেরিন ড্রাইভ এলাকায় অবস্থিত একটি পাঁচতারকা হোটেলের সুইমিং পুলে গোসল করার সময় এক পর্যটকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়েছে।

নিহত ব্যক্তি মুন্সিগঞ্জের বাসিন্দা মিরাজ আহমদ (৩৮)। তিনি স্ত্রী-সন্তানসহ দুই দিনের অবকাশ যাপনের উদ্দেশ্যে কক্সবাজারে এসে ইনানী এলাকার বে-ওয়াচ হোটেলে অবস্থান করছিলেন।

হোটেল সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল প্রায় ৩টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে সুইমিং পুলে নামেন মিরাজ আহমদ। কিছুক্ষণ পর হঠাৎ তিনি অচেতন হয়ে পড়েন। বিষয়টি বুঝতে পেরে হোটেল কর্তৃপক্ষ ও উপস্থিত ব্যক্তিরা দ্রুত তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সাঁতার কাটার সময় হৃদ্‌যন্ত্রের ক্রিয়া হঠাৎ বন্ধ হয়ে তাঁর মৃত্যু হতে পারে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, মিরাজ আহমদ আগে থেকেই হৃদ্‌রোগে ভুগছিলেন।

এ ঘটনায় উখিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে। পরিবারের আবেদনের পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটিকে ঘিরে প্রয়োজনীয় অনুসন্ধান অব্যাহত রয়েছে। তবে এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এটি একটি স্বাভাবিক মৃত্যু বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত