রাজধানীর খুচরা বাজারে আবারও বেড়েছে ডিম ও মুরগির দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার, সোনালি ও কালারবার্ড মুরগির পাশাপাশি ফার্মের ডিমের দামও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য কিনতে গিয়ে বাড়তি খরচের মুখে পড়ছেন সাধারণ ক্রেতারা।
বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে ব্রয়লার মুরগি প্রতি কেজি ২০০ টাকায় বিক্রি হচ্ছে। কিছু দোকানে দর–কষাকষির সুযোগ থাকলেও বেশিরভাগ স্থানে এই দামই রাখা হচ্ছে। এক সপ্তাহ আগেও একই মুরগি ১৮০ থেকে ১৯০ টাকার মধ্যে বিক্রি হয়েছিল। অর্থাৎ কেজিপ্রতি দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা।
দেশি মুরগির বিকল্প হিসেবে জনপ্রিয় সোনালি মুরগির দামও বেড়েছে। বর্তমানে প্রতি কেজি সোনালি মুরগি ৩৬০ থেকে ৩৭০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগের সপ্তাহের তুলনায় প্রায় ২০ থেকে ৩০ টাকা বেশি। একই সময়ে কালারবার্ড মুরগির দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি কেজি ৩৩০ থেকে ৩৪০ টাকায়।
শুধু মুরগিই নয়, ফার্মের ডিমের বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। বর্তমানে বড় বাজারগুলোতে প্রতি ডজন ডিম ১৫০ টাকায় এবং পাড়া-মহল্লার খুচরা দোকানে ১৬০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ফলে প্রতি হালি ডিম কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ৫০ টাকা বা তারও বেশি
বিক্রেতাদের মতে, সাম্প্রতিক সময়ে উৎপাদন ও সরবরাহ কিছুটা কমে যাওয়ায় বাজারে চাপ তৈরি হয়েছে। এছাড়া বৃষ্টির কারণে সবজি ও মাছের দাম বেড়ে যাওয়ায় অনেক ভোক্তা বিকল্প হিসেবে ডিম ও মুরগির দিকে ঝুঁকছেন। এতে চাহিদা বৃদ্ধি পাওয়ায় দামের ওপর প্রভাব পড়েছে।
ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাজারে দামের এই চাপ কিছুদিন অব্যাহত থাকতে পারে। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং সরবরাহ বাড়লে দামও স্থিতিশীল হতে পারে বলে আশা করা হচ্ছে।
ইতি/
