চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে ৮২ জন রোগী ভর্তি হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত দৈনিক ডেঙ্গু প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালগুলোতে ৬৫ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। নতুন ভর্তি রোগীদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১৯ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন, চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ১৬ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ১২ জন এবং চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) একজন রয়েছেন।
চলতি বছরে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা ৪ হাজার ৬৭ জনে পৌঁছেছে। এর মধ্যে সরকারি হাসপাতালে ৩ হাজার ৩৬৮ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৬৯৯ জন চিকিৎসা নিয়েছেন।
ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমও নিয়মিত তথ্য প্রকাশ করছে।
ইতি/
