
চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি জুলাই মাসের প্রথম ২১ দিনেই নতুন করে ৩০৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৬ জন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় স্বাস্থ্য বিভাগ নতুন করে সতর্কতা জারি করেছে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০০-এর কাছাকাছি রোগী। তাদের মধ্যে বর্তমানে বেশ কয়েকজন বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জুলাই মাসেই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, যা আগের মাসগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বর্ষা মৌসুমে বৃষ্টির পর বিভিন্ন স্থানে জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশার প্রজনন বেড়ে যাওয়ায় সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। বিশেষ করে নগরের কয়েকটি ওয়ার্ডকে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সেখানে মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতার বিকল্প নেই। নগর ও জেলার হটস্পট এলাকায় ফগিং, লার্ভা ধ্বংস, পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে জ্বর, শরীরব্যথা বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
চিকিৎসকদের মতে, বৃষ্টির পর কোথাও ৭২ ঘণ্টার বেশি পানি জমে থাকলে সেখানে এডিস মশার বংশবিস্তার ঘটে। তাই বাসাবাড়ি, ছাদ, টব, টায়ার ও বিভিন্ন পাত্রে পানি জমতে না দেওয়া এবং ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
আরু/

