, |

চট্টগ্রাম - 🌤️ 30° সে. | 💧 আদ্রতা 80%

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছে, নিম্নাঞ্চলে প্লাবনের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় কাপ্তাই বাঁধের স্পিলওয়ে গেট দিয়ে এখনও পানি ছাড়ছে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ। ফলে কর্ণফুলী নদীর তীরবর্তী নিচু এলাকায় পানি বাড়তে থাকায় স্থানীয়দের মধ্যে প্লাবনের শঙ্কা দেখা দিয়েছে। 

কর্তৃপক্ষ জানিয়েছে, হ্রদের পানির চাপ নিয়ন্ত্রণে রাখতে ১৬টি স্পিলওয়ে গেট আংশিক খুলে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছাড়া হচ্ছে। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদনের জন্য পাঁচটি ইউনিটের মাধ্যমে আরও প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশন অব্যাহত রয়েছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন, হ্রদের পানির উচ্চতা, উজান থেকে আসা পানির প্রবাহ এবং আবহাওয়ার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন হলে পানি ছাড়ার পরিমাণ বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে পানি ছাড়ার কারণে রাঙামাটি ও চট্টগ্রামের কর্ণফুলী নদীসংলগ্ন নিচু এলাকা এবং নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয় প্রশাসনও পরিস্থিতির ওপর নজর রাখছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।

বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে উজান থেকে আরও পানি নেমে আসতে পারে। সে ক্ষেত্রে নিচু এলাকায় পানি বৃদ্ধি ও সাময়িক প্লাবনের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 

ইতি/

  • সর্বশেষ
  • পঠিত