চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের পাঠানদণ্ডী এলাকায় বন্যায় ঘর হারানো এক পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নিয়েছেন এসএসসি ২০০১ ব্যাচের কয়েকজন সাবেক শিক্ষার্থী।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, পাঠানদণ্ডী এলাকার খন্দকার বাড়ির বাসিন্দা মো. মুসার পুরোনো মাটির ঘরটি সাম্প্রতিক বন্যায় ভেঙে পড়ে। এ সময় মুসা ও তার ছোট ছেলে ঘরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয় এবং প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকতে হয়।
বর্তমানে ঘরবাড়ি হারিয়ে মুসা ও তার পরিবারের সদস্যরা অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে বসবাস করছেন।
এ অবস্থায় ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়িয়েছেন এসএসসি ২০০১ ব্যাচের কয়েকজন বন্ধু। স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান জানান, বরকল ইউনিয়নের মহিলা ইউপি সদস্য আয়েশা আকতার আজাদী, তার বন্ধু অ্যাডভোকেট রুবিনা, চন্দনাইশ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসি আকতার, আবিদা সুলতানা, রিকু, সজিব, রিংকুসহ কয়েকজন মিলে পরিবারটির জন্য নতুন ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছেন।
তাদের উদ্যোগে লক্ষাধিক টাকা ব্যয়ে টিনের ছাউনি ও বেড়া দিয়ে তিন কক্ষের একটি ঘর নির্মাণের কাজ শুরু হয়েছে। বন্যায় ঘর হারানো পরিবারটির পুনর্বাসনে এ উদ্যোগকে মানবিক সহায়তার একটি দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা।
ক্ষতিগ্রস্ত মো. মুসা বলেন, বন্যায় ঘর হারিয়ে পরিবার নিয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছেন তারা। এসএসসি ২০০১ ব্যাচের কয়েকজন এগিয়ে এসে ঘর নির্মাণ করে দেওয়ায় তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে সরকারের কাছেও তার পরিবারের জন্য আর্থিক সহায়তার আবেদন করেন।
স্থানীয়রা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত ও ঘরবাড়ি হারানো পরিবারগুলোর পুনর্বাসনে সরকারি ও বেসরকারি উদ্যোগ আরও বাড়ানো প্রয়োজন।
ইতি/
