চট্টগ্রাম নগরের চকবাজারে একটি বাসায় চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারীর আমানবাজার এলাকার একটি জুয়েলারি দোকান থেকে চোরাই স্বর্ণ গলিয়ে তৈরি করা বেশ কিছু অলংকার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গত ২৬ জুলাই সকাল থেকে ২৭ জুলাই বিকালের মধ্যে চকবাজার থানার ডিসি রোডের কালাম কলোনির হক ম্যানশনের একটি বাসায় চুরির ঘটনা ঘটে। ওই সময় বাসায় কেউ না থাকার সুযোগে দরজার তালার হুক ভেঙে ভেতরে প্রবেশ করে চোরেরা। পরে প্রায় ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় তারা। চুরি যাওয়া স্বর্ণের আনুমানিক মূল্য ১২ লাখ টাকা।
এ ঘটনায় ২৯ জুলাই চকবাজার থানায় দণ্ডবিধির ৪৫৭ ও ৩৮০ ধারায় মামলা করা হয়।
মামলার তদন্তে নেমে চকবাজার পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থল ও আশপাশের এলাকার শতাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে। পুলিশের দাবি, ফুটেজ বিশ্লেষণ ও তদন্তে চুরির ঘটনায় মো. রহমত ওরফে হাসান (২৯) এবং সাজ্জাদ হোসেন ওরফে অর্পূ (২৭)-এর সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়।
পরে গত ১৫ আগস্ট বেলা পৌনে ১২টার দিকে বায়েজিদ বোস্তামী থানার ড্রিমল্যান্ড আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারীর আমানবাজার এলাকার বিএন জুয়েলার্সে অভিযান চালানো হয়। সেখানে তাদের দেওয়া তথ্য ও দোকান মালিকের উপস্থাপনের ভিত্তিতে চোরাই স্বর্ণ গলিয়ে তৈরি করা ১২টি আংটি, ৬ জোড়া কানের দুল ও ২টি চেইন উদ্ধার করা হয়।
এ ছাড়া স্বর্ণ কেনাবেচার সঙ্গে সংশ্লিষ্ট কিছু নথিপত্রও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের প্রাথমিক তদন্তে গ্রেপ্তার দুজন নগরের বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে চুরি করা একটি সংঘবদ্ধ চক্রের সঙ্গে যুক্ত বলে তথ্য পাওয়া গেছে। চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তার এবং চোরাই মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ইতি/
