পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় ঐতিহাসিক আমির ভাণ্ডার শরীফের ব্যবস্থাপনায় ৫০তম জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) ১২ রবিউল আউয়াল উপলক্ষে আয়োজিত এ জশনে জুলুস ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পটিয়া পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে আমির ভাণ্ডার শরীফ প্রাঙ্গণ থেকে জুলুসটি যাত্রা শুরু করে।
জুলুসে আমির ভাণ্ডার শরীফ ও গাউছিয়া রহমান মনজিলের সম্মানিত সাজ্জাদানশীন হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ শহিদ শাহ আমিরভাণ্ডারীসহ আনজুমান-এ-রহমানিয়া ছৈয়দিয়া আমিরভাণ্ডারী, আমিরভাণ্ডার শাহ আবু যুব যুব কমিটি বাংলাদেশ-এর নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক আশেকে আমিরভাণ্ডারী অংশ নেন।
জুলুসটি পটিয়া পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আমির ভাণ্ডার শরীফের শাহী ময়দানে ফিরে আসে। সেখানে মিলাদ ও কিয়াম অনুষ্ঠিত হয়। পরে বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের মধ্যে তাবরুক বিতরণ করা হয়। ধর্মীয় আবহে আয়োজিত এ জশনে জুলুসকে ঘিরে পটিয়া শহরে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উল্লেখ্য, আমির ভাণ্ডার শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস আয়োজনের ধারাবাহিকতা রয়েছে। ২০২৪ সালেও আমির ভাণ্ডার শরীফের উদ্যোগে ১২ রবিউল আউয়ালে পটিয়ার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছিল।
ইতি/
