, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 87%

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য

নিজস্ব প্রতিবেদক

আগামী শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। বিভিন্ন দাবিতে ঘোষিত এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জোটের শীর্ষ নেতারা।

জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল ৭টায় ঢাকার শাপলা চত্বরে জনসভার মাধ্যমে কর্মসূচি শুরু হবে। এরপর চট্টগ্রামের উদ্দেশে লংমার্চ যাত্রা করবে। পথে বিভিন্ন স্থানে পথসভা এবং স্থানীয়দের পক্ষ থেকে সংবর্ধনা ও অভ্যর্থনার আয়োজন করা হবে। কর্মসূচির শেষ পর্যায়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শেষ হওয়ার কথা রয়েছে।

জোট নেতাদের দাবি, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, তেল-গ্যাস-বিদ্যুৎ ও সার সংকটের সমাধান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি বন্ধসহ জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতেই এ কর্মসূচি নেওয়া হয়েছে।

তাদের অভিযোগ, সংসদে বিরোধী দলের পক্ষ থেকে বিভিন্ন দাবি উত্থাপন করা হলেও সেগুলোর প্রত্যাশিত সমাধান হয়নি। ফলে সংসদের পাশাপাশি রাজপথেও আন্দোলন জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জোটের নেতারা।

লংমার্চে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা অংশ নেবেন। জোটের পক্ষ থেকে বিপুলসংখ্যক যানবাহন ও মানুষের অংশগ্রহণের প্রত্যাশা করা হয়েছে। এরই মধ্যে বিভিন্ন জেলা ও মহানগরে কর্মসূচি সফল করতে প্রস্তুতি নেওয়ার খবরও পাওয়া গেছে।

জোট নেতারা বলছেন, এটি কোনো একক দলের কর্মসূচি নয়; জনগণের অধিকার, নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাপনের দাবিকে সামনে রেখেই লংমার্চ আয়োজন করা হচ্ছে। কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তারা সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত