, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 89%

অবশেষে প্রকাশ্যে ইয়াশ রোহান-তটিনীর ‘কাবিননামা’

নিজস্ব প্রতিবেদক

ছোট পর্দার পরিচিত জুটি ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী আবারও একসঙ্গে হাজির হয়েছেন নতুন নাটক ‘কাবিননামা’ নিয়ে। দীর্ঘ বিরতির পর তাদের পর্দায় ফেরায় দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

ইয়াশ ও তটিনী এর আগে বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন। তাদের পর্দার রসায়ন নিয়ে নানা সময় আলোচনা হলেও দুজনই নিজেদের সম্পর্ককে পেশাগত সহকর্মী ও বন্ধুত্বের জায়গা থেকেই ব্যাখ্যা করেছেন।

কিছুদিন একসঙ্গে কাজ না করার পর নির্মাতা ইমরাউল রাফাতের ‘কাবিননামা’ নাটকের মাধ্যমে ফের জুটি বেঁধেছেন তারা। নাটকটির গল্প ও চিত্রনাট্যও লিখেছেন নির্মাতা নিজেই। রোমান্টিক ঘরানার এই গল্পে ইয়াশ-তটিনীর পাশাপাশি অভিনয় করেছেন আজিজুল হাকিম, এস এইচ মামুন, কামরুন নাহার রুমা, মুহিত তমালসহ আরও কয়েকজন।

এর আগে ইমরাউল রাফাতের ‘ভালো থেকো’ নাটকেও একসঙ্গে কাজ করেছিলেন ইয়াশ ও তটিনী। নতুন নাটক প্রসঙ্গে ইয়াশ জানান, দর্শকের আগ্রহ ও পছন্দকে গুরুত্ব দিয়েই নির্মাতারা জুটি নির্বাচন করেন। একাধিক নাটকে একসঙ্গে কাজ করার পর তাদের জুটিকে ঘিরে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

অন্যদিকে তটিনীর ভাষ্য, ‘কাবিননামা’র গল্পে দর্শক বাস্তব জীবনের পরিচিত নানা ঘটনা ও চরিত্রের ছায়া খুঁজে পেতে পারেন। গল্পের ঘটনাগুলো দর্শকের মনে দাগ কাটবে বলেও প্রত্যাশা তার।

৪ সেপ্টেম্বর ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশের পর দর্শকের প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে। বিশেষ করে দীর্ঘ বিরতির পর ইয়াশ-তটিনীকে একসঙ্গে পাওয়ায় তাদের ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

নতুন এই কাজের মাধ্যমে দর্শকপ্রিয় এই জুটির পর্দার রসায়ন কতটা সাড়া ফেলে, এখন সেটিই দেখার বিষয়।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত