চট্টগ্রামের বাজারে সরকার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না ১২ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডার। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত মূল্য ১ হাজার ৮৩৭ টাকা হলেও নগরীর বিভিন্ন এলাকায় তা বিক্রি হচ্ছে ১ হাজার ৯০০ থেকে ২ হাজার ৫০০ টাকায়। ফলে বাড়তি দামের চাপে পড়েছেন সাধারণ ভোক্তারা।
নির্ধারিত মূল্যে গ্যাস না পেয়ে অনেক পরিবারকে বাধ্য হয়ে অতিরিক্ত দামে সিলিন্ডার কিনতে হচ্ছে। এমনকি কোথাও কোথাও রান্নার বিকল্প হিসেবে মাটির চুলার ওপর নির্ভর করতে হচ্ছে পরিবারগুলোকে।
বাজারে এলপিজি সরবরাহে ঘাটতির কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দাবি। তাঁদের ভাষ্য, বিভিন্ন কোম্পানি থেকে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ না পাওয়ায় খুচরা বাজারে সংকট দেখা দিয়েছে।
অন্যদিকে, বাজারে কার্যকর নজরদারির অভাবে অতিরিক্ত দাম আদায়ের প্রবণতা বাড়ছে বলে অভিযোগ ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) নেতাদের। তাঁদের মতে, কোম্পানি, পরিবেশক ও খুচরা বিক্রেতা পর্যায়ে জবাবদিহি নিশ্চিত না হলে বাজারের অস্থিরতা কমানো কঠিন।
উল্লেখ্য, গত ৪ অক্টোবর ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে বিইআরসি। এরই মধ্যে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন সিলিন্ডারপ্রতি আরও ৩০০ টাকা দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে।
এদিকে, নির্ধারিত মূল্যে এলপিজি সরবরাহ নিশ্চিত করা, বাজারে নিয়মিত তদারকি জোরদার এবং অতিরিক্ত দাম আদায় বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভোক্তারা।
ইতি/
