, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 80%

যাত্রীদের বাঁচিয়ে না ফেরার দেশে চালক

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চালানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন চালক শাহজাহান। শারীরিক অবস্থার অবনতি হলেও বাসের নিয়ন্ত্রণ হারাননি তিনি। নিজের অসুস্থতার মধ্যেও বিচক্ষণতার সঙ্গে বাসটি সড়কের পাশে নিরাপদ স্থানে থামিয়ে সম্ভাব্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা করেন যাত্রীদের। তবে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাঁকে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১১টার পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ‘লাল সবুজ’ পরিবহনের বাসটি কক্সবাজার থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে জোয়ারিয়ানালা এলাকায় পৌঁছালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন চালক শাহজাহান। নিজের শারীরিক অবস্থার অবনতি বুঝতে পেরে দ্রুত বাসটি সড়কের পাশে নিরাপদ স্থানে থামিয়ে দেন তিনি।

পরে বাসের সুপারভাইজার, সহকারী ও যাত্রীরা তাঁকে ঈদগাঁও স্টেশনের পাশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন।

অসুস্থ অবস্থায়ও যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাসের নিয়ন্ত্রণ ধরে রাখার ঘটনায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা। শাহজাহানের এই দায়িত্বশীলতা ও পেশাদারত্বের স্বীকৃতিস্বরূপ তাঁকে মরণোত্তর সম্মাননা দেওয়ার দাবি জানিয়েছেন অনেকে।

তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত