, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 80%

রাউজানে প্রয়াত মৃণাল কান্তি আচার্য্যের স্মরণে আদ্যশ্রাদ্ধ

নিজস্ব প্রতিবেদক

আচার্য সমিতির আজীবন সদস্য ও শুভাকাঙ্ক্ষী, বিশিষ্ট ধর্মানুরাগী, দক্ষ সংগঠক এবং সদালাপী ও হাস্যোজ্জ্বল ব্যক্তিত্ব প্রয়াত মৃণাল কান্তি আচার্য্যের আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২৮ অক্টোবর রাউজানের সুলতানপুরে তাঁর নিজ বাসভবনে যথাযথ বৈদিক রীতিনীতি অনুসরণ করে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে আচার্য সমিতির পক্ষ থেকে প্রয়াত মৃণাল কান্তি আচার্য্যের বিদেহী আত্মার শান্তি ও সদ্গতি কামনা করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। অনুষ্ঠানে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন, শোকাঞ্জলি প্রদান এবং জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণমূলক শোকসভা অনুষ্ঠিত হয়।

শোকসভায় আলোচনায় অংশ নেন আচার্য সমিতির সভাপতি অধ্যাপক ডা. সুবল আচার্য, সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট জ্যোতিষ গবেষক ড. মাধব আচার্য এবং সাধারণ সম্পাদক ও শ্রীশ্রী কৈবল্যনাথ আশ্রমের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য রতন আচার্যসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।

প্রয়াতের একান্ত গুণগ্রাহী, বিশিষ্ট ধর্মানুরাগী ও সৃজনশীল ব্যক্তিত্ব এবং আচার্য সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্রীযুক্ত প্রবীর আচার্য্যের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রয়াতের একমাত্র পুত্র, দুই কন্যা, জামাতাগণ, আত্মীয়স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন। তাঁরা স্মৃতিচারণের মাধ্যমে প্রয়াত মৃণাল কান্তি আচার্য্যের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রয়াতের স্নেহধন্য ভ্রাতুষ্পুত্র, বিশিষ্ট গীতাপাঠক ও সুরকার শ্রীযুক্ত সুকান্ত আচার্য শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করেন। পবিত্র গীতাপাঠ ও বৈদিক আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রয়াতের আত্মার সদ্গতি কামনা করা হয়।

মৃণাল কান্তি আচার্য্যের মৃত্যুতে আচার্য সমিতি একজন নিবেদিতপ্রাণ সদস্য, শুভাকাঙ্ক্ষী ও গুণী ব্যক্তিত্বকে হারিয়েছে। তাঁর ধর্মীয় অনুরাগ, অমায়িক ব্যবহার, সাংগঠনিক অবদান এবং মানুষের প্রতি আন্তরিকতা সবার হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে।

পরিশেষে প্রয়াত মৃণাল কান্তি আচার্য্যের বিদেহী আত্মার চিরশান্তি ও সদ্গতি কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত