সরকার নির্ধারিত দামে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে দেশজুড়ে বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩৯টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) ঢাকা মহানগরসহ দেশের ১৬ জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়। অধিদফতরের ২৩টি দল ডিলার, পাইকারি বিক্রেতা ও খুচরা ব্যবসাপ্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম চালায়।
বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখা, বাজারে মূল্য স্থিতিশীল করা এবং নির্ধারিত দামের অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করাই ছিল অভিযানের মূল উদ্দেশ্য।
তদারকির সময় ব্যবসাপ্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণ, সিলিন্ডারের নিরাপত্তাবিধি অনুসরণ এবং মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বিক্রির বিষয়গুলো পরীক্ষা করা হয়।
এ ছাড়া কৃত্রিম সংকট তৈরি, অযৌক্তিকভাবে সিলিন্ডার মজুত এবং সরবরাহে বাধা সৃষ্টি না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। একই সঙ্গে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি এবং দোকানে হালনাগাদ মূল্যতালিকা দৃশ্যমান স্থানে রাখার নির্দেশনা দেওয়া হয়।
এলপিজি কেনার ক্ষেত্রে ভোক্তাদের সিলিন্ডারের ওজন, সিল, মেয়াদ ও বাহ্যিক অবস্থা যাচাই করার পরামর্শ দিয়েছে অধিদফতর। কেনাকাটার পর রসিদ বা ভাউচার সংগ্রহের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
সিলিন্ডার বিক্রিতে অতিরিক্ত দাম আদায় কিংবা অন্য কোনো অনিয়ম চোখে পড়লে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে।
বাজারে স্বচ্ছতা, সরবরাহের স্বাভাবিকতা ও ভোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে অধিদফতর।
ইতি/
