চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পশ্চিমচাল এলাকায় পাঁচতলা একটি ভবনের চতুর্থ তলার বারান্দা থেকে পড়ে মোহাম্মদ আবির (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাত প্রায় ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আবির তার বাবা মোহাম্মদ দেলোয়ার ও মা নিলা আক্তারের একমাত্র সন্তান। ঘটনার সময় মা নিলা আক্তার ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে খেলতে খেলতে আবির বারান্দায় চলে যায়। বারান্দাটিতে নিরাপত্তার জন্য কোনো লোহার গ্রিল না থাকায় অসাবধানতাবশত নিচে পড়ে যায় সে।
শব্দ শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে গুরুতর আহত অবস্থায় আবিরকে উদ্ধার করেন। পরে তাকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা গেছে, জীবিকার প্রয়োজনে দেলোয়ার পরিবার পশ্চিমচাল এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল। তাদের গ্রামের বাড়ি আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা বার আউলিয়া ইসমাইল মিয়াজী বাড়ি এলাকায়। পরিবারের সদস্যদের ভাষ্য, খোলা বারান্দার কারণে তারা সবসময় শিশুটিকে নজরে রাখার চেষ্টা করতেন। তবে সামান্য সময়ের জন্য চোখের আড়াল হওয়ায় ঘটে যায় হৃদয়বিদারক এই দুর্ঘটনা।
একমাত্র সন্তানকে হারিয়ে শোকে মুহ্যমান হয়ে পড়েছেন মা-বাবা ও স্বজনরা। এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
বিশেষজ্ঞদের মতে, বহুতল ভবনের বারান্দা ও জানালায় নিরাপত্তা গ্রিল বা চাইল্ড সেফটি ব্যবস্থা নিশ্চিত করা এবং ছোট শিশুদের কখনোই একা না রাখা এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইতি/
