, |

চট্টগ্রাম - 🌤️ 25° সে. | 💧 আদ্রতা 96%

কোস্টগার্ডের ধাওয়ায় ধরা ইয়াবার বড় চালান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বহির্নোঙর এলাকায় কোস্টগার্ডের অভিযানে ২ লাখ ৫০ হাজার ইয়াবাসহ একটি নৌযান আটক করা হয়েছে। এ সময় নৌযানটিতে থাকা দুই ব্যক্তিকেও আটক করা হয়। কোস্টগার্ডের দাবি, জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ কোটি ৫০ লাখ টাকা।

রোববার (৯ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে বহির্নোঙর সমুদ্র এলাকায় এ অভিযান চালানো হয়।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, ‘অপারেশন সমুদ্র প্রহরা’র অংশ হিসেবে কোস্টগার্ড জাহাজ কুতুবদিয়া ও আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা ওই এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় সন্দেহজনক একটি নৌযানের গতিবিধি নজরে আসে। নৌযানটিকে থামার সংকেত দেওয়া হলেও তা না মেনে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে।

পরে কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে নৌযানটির গতিরোধ করেন। তল্লাশি চালিয়ে নৌযান থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে মুহাম্মদ রহিম (৬০) ও মো. রশিদ (৫৫) নামে দুজনকে আটক করা হয়েছে। তাঁরা কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা বলে জানিয়েছে কোস্টগার্ড।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড জানিয়েছে, একটি সংঘবদ্ধ মাদক চক্র মিয়ানমারের বিভিন্ন এলাকা থেকে ইয়াবার চালান সংগ্রহ করে নৌপথে চট্টগ্রামে পাচারের চেষ্টা করছিল। চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও আটকের জন্য গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

জব্দ করা ইয়াবা ও নৌযান এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে চক্রটির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে কোস্টগার্ড।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত