, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 66%

নকল ওয়েবসাইট বানিয়ে পুলিশ ক্লিয়ারেন্সের প্রতারণা

নিজস্ব প্রতিবেদক

বিদেশগামীদের পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেওয়া এবং সরকারি নথি জালিয়াতির অভিযোগে একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আশরাফ আলী খান (৩৬), মো. নিশান (৩৬), মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন (৪৮) ও মো. আব্দুর রহমান (৪৬)।

জেলা পুলিশ জানায়, বিদেশ যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন এমন এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে চক্রটি দ্রুত সনদ দেওয়ার আশ্বাস দেয়। এ জন্য তার কাছ থেকে নেওয়া হয় ১ লাখ ২০ হাজার টাকা। পরে সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর নকল করে প্রকৃত সনদের আদলে একটি জাল পুলিশ ক্লিয়ারেন্স তৈরি করা হয়।

জাল সনদকে বিশ্বাসযোগ্য করে তুলতে চক্রটি একটি ভুয়া কিউআর কোড এবং আলাদা নকল ওয়েবসাইট তৈরি করে। ওই কিউআর কোড স্ক্যান করলে পুলিশের প্রকৃত ওয়েবসাইটে না গিয়ে চক্রটির তৈরি ওয়েবসাইটে সনদের তথ্য প্রদর্শিত হতো।

প্রতারিত ব্যক্তি সনদটি আসল মনে করে সংশ্লিষ্ট একটি ট্রাভেল এজেন্সিতে জমা দেন। পরে এজেন্সির পক্ষ থেকে যাচাই করতে গিয়ে সনদটি জাল বলে শনাক্ত করা হয়। এরপর তিনি চট্টগ্রাম পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পর জেলা গোয়েন্দা পুলিশ তদন্তে নামে। তদন্তে অর্থ লেনদেনের তথ্য, বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ এবং প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণের মাধ্যমে চক্রটির সদস্যদের শনাক্ত করা হয়।

পরে জেলা বিশেষ শাখা ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে রোববার (১৬ আগস্ট) বাঁশখালী ও চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেল জানান, এ ঘটনায় বাঁশখালী থানায় মামলা করা হয়েছে। প্রাথমিক তদন্তে চক্রটির সঙ্গে আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ বলছে, পুলিশ ক্লিয়ারেন্স বিদেশগামী নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ সরকারি নথি। এ ধরনের সনদ জাল করে ব্যবহার করলে শুধু ভুক্তভোগী প্রতারণার শিকার হন না, আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের সরকারি নথির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে।

বাংলাদেশ পুলিশ দীর্ঘদিন ধরে পুলিশ ক্লিয়ারেন্স সনদ যাচাইয়ের জন্য রেফারেন্স নম্বর ও কিউআর কোড ব্যবহারের ব্যবস্থা রেখেছে। তাই কোনো দালাল বা অননুমোদিত ব্যক্তির মাধ্যমে সনদ সংগ্রহ না করে নির্ধারিত সরকারি প্রক্রিয়ায় আবেদন এবং সনদের সত্যতা যাচাই করার পরামর্শ দিয়েছে পুলিশ।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত